লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ঢাকার যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ তারেক রহমানের

প্রকাশিত: 04 অক্টোবর 2026

10 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ঢাকার দীর্ঘদিনের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পটির বর্তমান অবস্থা পর্যালোচনা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার পাশাপাশি বাস্তবসম্মত সময়সীমার মধ্যে কাজ শেষ করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

রোববার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা মহানগরের অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনা সভায় এ নির্দেশ দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। তাঁর উপপ্রেস সচিব হাসান শিপলু সভার সিদ্ধান্তের বিষয়টি জানান।

সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে প্রকল্পের বিদ্যমান পরিকল্পনা যৌথভাবে পর্যালোচনা করার নির্দেশ দেওয়া হয়। নির্মাণকাজে যেসব প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো চিহ্নিত করে দ্রুত দূর করার পাশাপাশি সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে বলা হয়েছে।

প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নের জন্য একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের ওপরও গুরুত্ব দেন। একই সঙ্গে কাজের অগ্রগতি যেন দ্রুত দৃশ্যমান হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকার যানজট দীর্ঘদিন ধরে নগরবাসীর দৈনন্দিন জীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর বড় ধরনের চাপ তৈরি করছে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোর বিভিন্ন গবেষণায়ও রাজধানীর সড়ক ব্যবস্থার সীমিত সক্ষমতা, দ্রুত নগরায়ণ, বাড়তে থাকা যানবাহন এবং দুর্বল সমন্বয়কে যানজটের গুরুত্বপূর্ণ কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংকের তথ্য অনুযায়ী ঢাকার সড়ক অবকাঠামো দ্রুত বাড়তে থাকা যাতায়াতের চাহিদার সঙ্গে তাল মেলাতে পারেনি।

বিশ্বব্যাংকের বিভিন্ন বিশ্লেষণেও ঢাকার যানজটকে নগরজীবনের অন্যতম বড় সমস্যা হিসেবে উল্লেখ করা হয়েছে। সংস্থাটির মতে অপর্যাপ্ত পরিবহন অবকাঠামো ও গণপরিবহন ব্যবস্থার তুলনায় জনসংখ্যা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের ঘনত্ব বেশি হওয়ায় রাজধানীতে যানজট স্থায়ী রূপ পেয়েছে।

সরকারি সেতু বিভাগের তথ্য অনুযায়ী ঢাকার অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক ব্যবস্থার একটি অংশ উড়াল সড়ক হিসেবে বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে। প্রস্তাবিত পুরো সড়ক ব্যবস্থার দৈর্ঘ্য ৮৮ কিলোমিটার। এর মধ্যে প্রায় ২৫ দশমিক ৮০ কিলোমিটার উড়াল সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটির সম্ভাব্যতা সমীক্ষা ২০২৪ সালে সম্পন্ন হয়েছে।

সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman