লোড হচ্ছে...
লোড হচ্ছে...

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত: 06 অক্টোবর 2026

4 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি মাসের শেষ সপ্তাহে চার দিনের সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি সফরের প্রস্তুতি চলার বিষয়টি নিশ্চিত করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাতে ২৬ অক্টোবর ঢাকা ছাড়ার সম্ভাব্য তারিখের কথা বলা হলেও সফরের চূড়ান্ত কর্মসূচি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

গত ১২ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও জাপানের সপ্তম পররাষ্ট্র দপ্তর পর্যায়ের পরামর্শ সভায় জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পৌঁছে দেন জাপানের জ্যেষ্ঠ উপপররাষ্ট্রমন্ত্রী হিরোয়ুকি নামাজু। ওই বৈঠকে দুই দেশ কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করার বিষয়ে একমত হয়। নিরাপত্তা, অর্থনীতি, অর্থনৈতিক সহযোগিতা, জ্বালানি, জনসম্পর্ক ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন বিষয়ে দুই দেশের প্রতিনিধিরা আলোচনা করেন।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুই দেশের পররাষ্ট্র দপ্তর পর্যায়ের বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই বৈঠকে জাপানের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশটি সফরের আমন্ত্রণ জানানো হয়। বাংলাদেশও জাপানের প্রধানমন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছে।

প্রস্তাবিত সফরটি দুই দেশের সাম্প্রতিক ঘনিষ্ঠ যোগাযোগের ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে। গত জুলাইয়ে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় উপমন্ত্রী তোমোআকি শিমাদা ঢাকায় এসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারত্বের আওতায় অর্থনীতি ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এর আগে ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তাকে অভিনন্দন জানিয়ে চিঠি দেন। সেখানে দুই দেশের কৌশলগত অংশীদারত্বের ভিত্তিতে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আগ্রহের কথা জানানো হয়।

জাপান বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সম্পর্ক শুধু উন্নয়ন সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, অবকাঠামো, নিরাপত্তা ও দক্ষ জনশক্তি বিনিময়ের মতো খাতেও বিস্তৃত হয়েছে। ২০২৫ সালে তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের টোকিও সফরের সময় দুই দেশের মধ্যে বিনিয়োগ, জ্বালানি ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। একই সময়ে আগামী পাঁচ বছরে জাপানে এক লাখ দক্ষ বাংলাদেশি কর্মী পাঠানোর লক্ষ্য নিয়েও দুই দেশ কাজ করার কথা জানিয়েছিল।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন সফরে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, উন্নয়ন সহায়তা, দক্ষ জনশক্তি এবং দুই দেশের কৌশলগত অংশীদারত্বের ভবিষ্যৎ কাঠামো গুরুত্ব পেতে পারে। তবে সফরের বিস্তারিত কর্মসূচি, সম্ভাব্য দ্বিপক্ষীয় বৈঠক এবং চুক্তি বা সমঝোতার বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তারেক রহমানের ধারাবাহিক বিদেশ সফরের অংশ। এর আগে জুনে তিনি মালয়েশিয়া ও চীন সফর করেন। ওই সফরগুলোতে বিনিয়োগ, কর্মসংস্থান ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল।

জাপান সফরের পর প্রধানমন্ত্রী নভেম্বর মাসে তুরস্কে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দেওয়া এবং সৌদি আরব সফরের সম্ভাব্য কর্মসূচিও রয়েছে বলে বিভিন্ন কূটনৈতিক সূত্র জানিয়েছে। তবে এসব সফরের তারিখ ও কর্মসূচি সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সমন্বয়ের পর চূড়ান্ত হওয়ার কথা।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman