লোড হচ্ছে...
লোড হচ্ছে...

রোনালদো-মেসির পায়ে লেখা হচ্ছে ফুটবলের অমর গল্প

প্রকাশিত: 20 নভেম্বর 2025

31 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

যখন সবাই বলে “এখন তো বিদায় নেওয়ার সময়”, তখন দুজন মানুষ হাসেন। একজনের নাম ক্রিস্টিয়ানো রোনালদো, আরেকজন লিওনেল মেসি। তারা শুধু গোল করেন না, মাঠই যেন তাদের জীবন। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি মিনিট খেলার রেকর্ডটা যেন তাদের দুজনের জন্যই তৈরি হয়েছে।

শীর্ষে রোনালদো। ২২৬ ম্যাচে ১৭,৯২৬ মিনিট। পুরো ১২ দিনের বেশি সময় ধরে শুধু পর্তুগালের জার্সিতে মাঠে দাঁড়িয়ে থেকেছেন তিনি। দ্বিতীয় স্থানে মেসি। ১৯৬ ম্যাচে ১৬,১৩৯ মিনিট। রোনালদোর থেকে পিছিয়ে আছেন ১৭৮৭ মিনিট, কিন্তু এই দুজনের মধ্যে ব্যবধান যেন আর কমছেই না, বরং বাড়ছে। কারণ দুজনেই এখনো থামার নাম নিচ্ছেন না।

তৃতীয় নামটা শুনলে অনেকেই ভ্রু কুঁচকাবেন। মাইনুর ফিগুয়েরোয়া। হন্ডুরাসের এই ডিফেন্ডার ১৯ বছর ধরে জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়ে ছিলেন। ১৫,৭৭০ মিনিট। কোনো বড় ট্রফি নেই, কোনো বিশ্বকাপ সেমিফাইনাল নেই। আছে শুধু একটা অদম্য ভালোবাসা।

চতুর্থ স্থানে এক কিংবদন্তি গোলরক্ষক। জিয়ানলুইজি বুফন। শীর্ষ দশে একমাত্র গোলরক্ষক। ১৫,২৯৫ মিনিট। পঞ্চম স্থানে আরেক কিংবদন্তি লুকা মদরিচ। ১৯৪ ম্যাচে ১৫,১৭৩ মিনিট। এখনো ক্রোয়েশিয়ার জার্সিতে ছুটে বেড়াচ্ছেন। শীর্ষ পাঁচে তিনজন এখনো সক্রিয়। রোনালদো, মেসি আর মদরিচ। এরা যেন ফুটবলকে বলে দিচ্ছেন, “আমরা যতদিন পারব, মাঠ ছাড়ব না।”

এই তালিকা দেখলে বোঝা যায়, গোল, অ্যাসিস্ট, ট্রফি সবই আছে। কিন্তু এর চেয়ে বড় কিছু আছে। একটা জার্সির প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা। একটা দেশের নাম বুকে নিয়ে মাঠে দাঁড়িয়ে থাকার জেদ।

রোনালদো-মেসি যেদিন সত্যি সত্যি মাঠ ছাড়বেন, সেদিন ফুটবলের একটা যুগ শেষ হয়ে যাবে। আর সেই দিনটা যত দেরিতে আসে, ফুটবল ততই ধন্য হয়।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman