দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
গত ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার ভূমিকম্পের পর ছোট ছোট কম্পন এখনো অনুভূত হচ্ছে। এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সঠিক পদক্ষেপ নিলে জান-মালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আজ ২৩ নভেম্বর প্রকাশিত বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে তারা দেশবাসীর প্রতি ভূমিকম্প চলাকালীন করণীয় সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দিয়েছে।
নিচতলায় থাকলে দ্রুত খোলা মাঠে চলে যেতে হবে। বহুতল ভবনে থাকলে “ড্রপ, কভার, হোল্ড অন” পদ্ধতি মেনে শক্ত টেবিল কিংবা ডেস্কের নিচে আশ্রয় নিতে হবে এবং খুঁটি শক্ত করে ধরে রাখতে হবে। জানালা, বারান্দা, আলমারি কিংবা ঝুলন্ত ভারী বস্তু থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
কম্পন শুরু হলেই গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে হবে এবং লিফট ব্যবহার একদম করা যাবে না। রাস্তায় গাড়ি চালানোর সময় ওভারব্রিজ কিংবা ফ্লাইওভারের নিচে না থেমে নিরাপদ স্থানে গাড়ি পার্ক করে ভেতরেই অপেক্ষা করতে হবে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, একটি বড় ভূমিকম্পের পর আফটারশক আসতেই পারে। তাই ক্ষতিগ্রস্ত ভবন কিংবা সেতুর কাছে যাওয়া থেকে বিরত থাকতে হবে। হাতের কাছে টর্চ, হেলমেট, প্রাথমিক চিকিৎসার ওষুধ ও বাঁশি রাখার পরামর্শও দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে ১০২ নম্বরে ফোন করার আহ্বান জানানো হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, ঢাকাসহ দেশের বড় শহরগুলো ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে। সচেতনতা ও প্রস্তুতিই একমাত্র উপায় প্রাণ ও সম্পদ বাঁচানোর। ফায়ার সার্ভিসের এই নির্দেশনা যথাসময়ে মেনে চললে ক্ষতির মাত্রা অনেক কমিয়ে আনা যাবে।
