দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। শনিবার ২০ ডিসেম্বর বেলা সোয়া ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাহিত করা হয়। রাষ্ট্রীয় মর্যাদা ও লাখো মানুষের ভালোবাসার মধ্য দিয়ে শেষ বিদায় জানানো হয় এই তরুণ রাজনৈতিক নেতাকে।
এর আগে একই দিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। পাশাপাশি ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও শহীদ হাদির পরিবারের সদস্যরা জানাজায় উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো শোকাহত মানুষ জানাজায় শরিক হন।

দুপুর আড়াইটার দিকে জানাজা শেষে মরদেহ দাফনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নেওয়া হয়। সকাল থেকেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ এলাকায় জনস্রোত নামে। সকাল ১০টার দিকে অপেক্ষমাণ ছাত্র জনতাকে প্লাজায় প্রবেশের অনুমতি দেওয়া হয়। আটটি আর্চওয়ে গেট দিয়ে সারিবদ্ধভাবে হাজারো মানুষ জানাজা প্রাঙ্গণে প্রবেশ করেন।
এর আগে বেলা সোয়া ১১টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এ সময় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল।
শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
