দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে রাজধানীতে আয়োজন করা সংবর্ধনাকে কেন্দ্র করে আগের রাত থেকেই জমে ওঠে ব্যাপক জনসমাগম। দীর্ঘ ১৭ বছরের প্রবাসজীবন শেষে বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর তিনি লন্ডন থেকে ঢাকায় ফিরছেন।
দলীয় সূত্র জানায়, তারেক রহমানকে বরণ করে নিতে রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে এলাকায় বড় পরিসরে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে বুধবার রাত ১২টার আগেই ওই এলাকা ও আশপাশের সংযোগ সড়কগুলোতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি দেখা যায়।
সরেজমিনে দেখা গেছে, এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত প্রায় সব সড়কেই গভীর রাতেও মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। উৎসাহ ও আবেগে অনেকে সমাবেশস্থলের আশপাশে কাঁথা ও কম্বল পেতে রাত কাটানোর প্রস্তুতি নেন। অনেককে দলীয় পতাকা, ব্যানার ও স্লোগান নিয়ে অবস্থান নিতে দেখা গেছে।
বিএনপি নেতারা বলছেন, দীর্ঘদিন পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে স্বাভাবিকভাবেই আবেগ ও উদ্দীপনা কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দলীয় পক্ষ থেকেও শৃঙ্খলার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১২টা ১৭ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেন তারেক রহমান। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-২০২-এ করে রওনা হন।
লন্ডন–সিলেট–ঢাকা রুটে পরিচালিত ফ্লাইটটি বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৯ উড়োজাহাজে পরিচালিত হচ্ছে। বিমান সূত্র জানিয়েছে, বিশেষ যাত্রী থাকায় ফ্লাইট পরিচালনায় অতিরিক্ত প্রস্তুতি ও সমন্বয় নেওয়া হয়েছে।
নির্ধারিত সূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করবে। সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থানের পর সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হয়ে সকাল ১১টা ৪৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
