দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
দীর্ঘ প্রায় ১৭ বছর পর দেশে ফিরে অসুস্থ মায়ের কাছে ছুটে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা ৫২ মিনিটের দিকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান, যেখানে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
হাসপাতালে যাওয়ার সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা। এর কিছুক্ষণ আগেই হাসপাতালে পৌঁছান তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারেক রহমানকে বহনকারী বাসটি এভারকেয়ার হাসপাতালের গেটের সামনে থামলে তিনি বাস থেকে নেমে হেঁটেই হাসপাতালের ভেতরে প্রবেশ করেন। এ সময় হাসপাতাল চত্বরে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
এর আগে রাজধানীতে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তারেক রহমান বলেন, একজন সন্তান হিসেবে তাঁর মন পড়ে আছে মায়ের হাসপাতালের কক্ষে। তবে যাদের জন্য খালেদা জিয়া নিজের জীবন উৎসর্গ করেছেন, সেই দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানানো দায়িত্ব বলেই তিনি আগে জনসমাগমে উপস্থিত হয়েছেন।
তিনি বলেন, টেলিভিশনের মাধ্যমে সমগ্র বাংলাদেশে যারা তাঁকে দেখছেন, সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেই তিনি হাসপাতালে যাওয়ার আগে এই বক্তব্য দেন।
এদিকে তারেক রহমানের আগমনকে ঘিরে সকাল থেকেই এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপি ও সমমনা দলগুলোর নেতাকর্মীরা অবস্থান নেন। তাঁর গাড়ি হাসপাতাল চত্বরে প্রবেশের সময় উচ্ছ্বাস প্রকাশ করেন কর্মী-সমর্থকেরা। দলীয় পতাকা ও ফেস্টুন হাতে নানা স্লোগান শোনা গেলেও বিএনপির পক্ষ থেকে হাসপাতাল এলাকায় স্লোগান না দেওয়ার নির্দেশনা ছিল বলে দলীয় সূত্র জানিয়েছে।
