দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ভারতজুড়ে খ্রিস্টান সম্প্রদায় যখন বড়দিন উদযাপনের প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক সেই সময় বিভিন্ন রাজ্যে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। ক্যারল গান গাইতে যাওয়া দল, উপাসনালয়, স্কুল ও উৎসবের সাজসজ্জা লক্ষ্য করে একাধিক সহিংসতার খবর পাওয়া গেছে।
স্থানীয় ও জাতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, কেরালা ও আসামসহ কয়েকটি রাজ্যে আরএসএস ঘনিষ্ঠ ও ডানপন্থী হিন্দু সংগঠনের সঙ্গে যুক্ত গোষ্ঠীগুলো এসব ঘটনায় জড়িত। কোথাও ক্যারল গায়কদের ওপর হামলা, কোথাও দোকান ভাঙচুর, আবার কোথাও উপাসক ও বিক্রেতাদের হয়রানির অভিযোগ উঠেছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের একটি শপিংমলে বড়দিনের সাজসজ্জা ভাঙচুর করে ‘সর্ব হিন্দু সমাজ’ নামের একটি সংগঠনের কর্মীরা। তারা কথিত ধর্মান্তরের অভিযোগ তুলে ‘ছত্তিশগড় বন্ধ’-এর ডাক দেয়। মলের এক কর্মচারী জানান, প্রায় ৮০ থেকে ৯০ জনের একটি দল হুমকি দিয়ে ভাঙচুর চালায়। তিনি বলেন, গত ১৬ বছরে এমন পরিস্থিতি কখনো দেখেননি।
আরেক কর্মচারীর ভাষ্য অনুযায়ী, হামলার সময় নারী কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন। ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
অন্যদিকে দ্য হিন্দু জানায়, বজরং দলের কর্মীরা আসামের নলবাড়ি জেলার পানিগাঁও গ্রামের সেন্ট মেরি স্কুলে ঢুকে বড়দিনের প্রস্তুতি ভাঙচুর করে। ব্যানার ও পোস্টারে আগুন দেওয়া হয় এবং ‘জয় শ্রী রাম’ স্লোগান দেওয়া হয়। পরে শহরের বিভিন্ন দোকানে বড়দিনের পণ্য নষ্ট করা হয় বলেও অভিযোগ রয়েছে।
এ পরিস্থিতিতে ধর্মীয় নেতারা উদ্বেগ প্রকাশ করে সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকার রক্ষায় প্রশাসনের কার্যকর ভূমিকা দাবি করেছেন। পুলিশ জানিয়েছে, কয়েকটি ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে এবং বড়দিন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
