দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের রাজনীতির জন্য ইতিবাচক বলে মনে করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির নেতাদের মতে, এই প্রত্যাবর্তনের ফলে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা অনেকটাই দূর হয়েছে।
বৃহস্পতিবার বিবিসি বাংলাকে দেওয়া প্রতিক্রিয়ায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, নির্বাচনের তারিখ ঘোষণার পরও আদৌ নির্বাচন হবে কি না, তা নিয়ে মানুষের মধ্যে শঙ্কা ছিল। তারেক রহমান দেশে ফেরায় সেই শঙ্কা অনেকাংশে কেটে গেছে বলে তিনি মনে করেন।
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, দীর্ঘদিন নির্বাসনে থেকেও তারেক রহমান বিএনপির নেতৃত্ব দিয়েছেন। তবে এখন তিনি জাতীয় রাজনীতিতে কী ধরনের ভূমিকা রাখেন, সেটিই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তার বক্তব্যে, দলীয় রাজনীতির বাইরে তার অবস্থান ও দৃষ্টিভঙ্গি ভবিষ্যৎ রাজনৈতিক বাস্তবতায় প্রভাব ফেলতে পারে।
এদিকে তারেক রহমানের প্রত্যাবর্তনকে গণতান্ত্রিক লড়াইয়ের একটি ইতিবাচক প্রতিফলন হিসেবে দেখছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বলেন, একজন নাগরিক ও রাজনৈতিক নেতার নিজ দেশে ফেরার অধিকার পুনরুদ্ধার হওয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অর্জন।
নাহিদ ইসলাম আরও উল্লেখ করেন, দীর্ঘদিনের অবরুদ্ধ রাজনৈতিক পরিবেশ ভেঙে একটি মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পথে হাঁটার জন্য আইনের শাসন ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য। তাঁর মতে, তারেক রহমানের প্রত্যাবর্তন বহুদলীয় গণতন্ত্রের চর্চাকে আরও শক্তিশালী করতে পারে এবং নতুন রাজনৈতিক বাস্তবতায় সহাবস্থান ও সুস্থ প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে তোলাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
