দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
বগুড়ায় জুলাই মাসের একটি হত্যাচেষ্টার ঘটনায় আরও একটি মামলা দায়ের হয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রধান আসামি করে ২০২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০০ জনকে আসামি করা হয়েছে। মোট আসামির সংখ্যা ৩০২।
বগুড়া শহরের পশ্চিম বৃন্দাবনপাড়ার বাসিন্দা ও বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী মো. আলিফ (২৫) দীর্ঘ ১৬ মাস পর বুধবার বগুড়া সদর থানায় মামলাটি দায়ের করেন।
মামলার সত্যতা নিশ্চিত করে তদন্ত কর্মকর্তা এসআই আবদুল্লাহ আল সাদিক জানান, মামলা গ্রহণ করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মামলার এজাহার অনুযায়ী, মো. আলিফ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্য ছিলেন। ২০২৪ সালের ৪ আগস্ট বিকাল ৩টার দিকে ছাত্র জনতার মিছিল নিয়ে তিনি শহরের চাঁদনীবাজার এলাকায় পৌঁছালে মিছিলে হামলা চালানো হয়। অভিযোগে বলা হয়, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে আসামিরা ককটেল ও হাতবোমা নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় গুলিতে বাদীর কপাল, বুক ও উরুতে আঘাত লাগে এবং তিনি গুরুতর আহত হন।
আহত অবস্থায় প্রথমে তাকে বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচে নেওয়া হয়। সেখানে তার অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা বিদেশে চিকিৎসার পরামর্শ দিয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়।
মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, হাবিবর রহমান, মজিবর রহমান মজনু, জেলা ও শহর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও জাতীয় পার্টির একাধিক নেতা। এছাড়া কয়েকজন পরিচিত রাজনৈতিক ও সামাজিক ব্যক্তির নামও মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
মামলা দায়েরের বিষয়ে বাদী মো. আলিফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক মামলার কয়েকজন আসামি অভিযোগ করেছেন, রাজনৈতিক প্রতিপক্ষের প্ররোচনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মামলা করা হয়েছে।
