দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ঘন কুয়াশার কারণে যাত্রী ও নৌযানের নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ। রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ম্যানেজমেন্ট বিভাগের কর্মকর্তা মো. সোলায়মান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যা ৬টার পর থেকে দেশের কোনো নদীবন্দর থেকেই লঞ্চ, ফেরি কিংবা অন্যান্য নৌযান চলাচলের অনুমতি দেওয়া হয়নি।
কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশার কারণে নদীপথে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যাওয়ায় সাম্প্রতিক সময়ে একের পর এক দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় যাত্রীদের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটায় ঝুঁকি এড়াতেই নৌ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
গত শুক্রবার মধ্যরাতের পর থেকে চাঁদপুর, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন নৌপথে যাত্রীবাহী লঞ্চ ও মালবাহী কার্গো জাহাজের সংঘর্ষের একাধিক ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ছয়জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বিআইডব্লিউটিএ আরও জানায়, নদীপথে দৃশ্যমানতা স্বাভাবিক পর্যায়ে ফিরে এলে পরিস্থিতি পর্যালোচনা করে নৌযান চলাচল পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় যাত্রীদের বিকল্প পথে যাতায়াতের পরামর্শ দেওয়া হয়েছে।
