লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ভেনিজুয়েলায় মার্কিন অভিযান, আইন লঙ্ঘনের অভিযোগ: নিউইয়র্ক সিটি মেয়রের

প্রকাশিত: 04 জানুয়ারী 2026

36 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । আন্তর্জাতিক ডেস্ক ।

ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের লক্ষ্যে সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফেডারেল ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মামদানি বলেন, একটি সার্বভৌম রাষ্ট্রে একতরফাভাবে সামরিক হস্তক্ষেপ চালানো কার্যত যুদ্ধের শামিল। তার ভাষায়, এই ধরনের পদক্ষেপ শুধু ভেনেজুয়েলার জনগণ নয়, বরং নিউইয়র্কে বসবাসরত লক্ষাধিক ভেনেজুয়েলান অভিবাসীর জীবন ও নিরাপত্তার ওপরও সরাসরি প্রভাব ফেলতে পারে।

মেয়র জানান, মাদুরো আটক হওয়ার খবর পাওয়ার পর তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে এ অভিযানের বিরোধিতা করেছেন। তবে এ বিষয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া কী ছিল, তা তিনি প্রকাশ করেননি।

মামদানি আরও বলেন, নিউইয়র্ক সিটির প্রতিটি বাসিন্দার নিরাপত্তা নিশ্চিত করাই তার প্রধান দায়িত্ব। বর্তমান পরিস্থিতি তার প্রশাসন সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখবে এবং প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে মার্কিন বিমান বাহিনী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে। পরে তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, মাত্র চার দিন আগেই তিনি এই অভিযানের অনুমোদন দিয়েছিলেন।

ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে এবং যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman