দ্য সিভিলিয়ানস | নিউজ ডেস্ক ।
আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। রোববার ৪ জানুয়ারি ঘোষিত এই স্কোয়াডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন দাস। তার সহ অধিনায়ক করা হয়েছে সাইফ হাসানকে।
ঘোষিত দলে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বাদ পড়া। চলমান বিপিএলে একটি সেঞ্চুরিসহ ধারাবাহিক ভালো পারফরম্যান্স করলেও বিশ্বকাপ দলে জায়গা হয়নি তার। একইভাবে বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক। সাম্প্রতিক সময়ে ভালো ছন্দে থাকা পেসার রিপন মন্ডলের নামও নেই স্কোয়াডে।
নির্বাচকরা এবারের দলে পাঁচজন পেসার ও তিনজন বিশেষজ্ঞ স্পিনার রেখেছেন। ব্যাটিং বিভাগে তরুণ ও আক্রমণাত্মক খেলোয়াড়দের ওপর আস্থা রাখা হয়েছে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
সূচি অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা। একই ভেন্যুতে ইংল্যান্ড ও ইতালির বিপক্ষে খেলার কথা টাইগারদের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হতে দলের মুম্বাইয়ে যাবার কথা।
টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল:
লিটন দাস অধিনায়ক, সাইফ হাসান সহ অধিনায়ক, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, সাইফুদ্দিন ও শরীফুল ইসলাম।
