দ্য সিভিলিয়ানস | বিনোদন ডেস্ক ।
নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’ ইতিহাস গড়েছে প্রেক্ষাগৃহেও। বছরের প্রথম দিনে মুক্তি পাওয়া সিরিজটির চূড়ান্ত সিজনের অন্তিম পর্ব দেখতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সিনেমা হলে ভিড় করছেন দর্শকেরা। এক বিশেষ প্রদর্শনীর মাধ্যমে মাত্র কয়েক দিনের মধ্যেই বিপুল অঙ্কের আয় করেছে সিরিজটি।
বিনোদনভিত্তিক মার্কিন সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, হল মালিকদের তথ্য অনুযায়ী এই বিশেষ প্রদর্শনী থেকে প্রায় ২৫ থেকে ২৮ মিলিয়ন ডলার আয় হয়েছে। তবে এ আয় নির্ধারিত হয়েছে ভিন্ন পদ্ধতিতে। সাধারণ টিকিট বিক্রির বদলে দর্শকদের খাবার ও পানীয় কেনার ভাউচারের মাধ্যমে প্রেক্ষাগৃহে সিরিজটি দেখার সুযোগ দেওয়া হয়। ফলে প্রেক্ষাগৃহভেদে ভাউচারের দামও ছিল ভিন্ন।
সিরিজটির নির্মাতা ডাফার ব্রাদার্সের তথ্যমতে, প্রেক্ষাগৃহ প্রদর্শনের জন্য ইতোমধ্যে প্রায় ১১ লাখ ভাউচার বিক্রি হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় থিয়েটার চেইন এএমসি একাই আয় করেছে প্রায় ১৫ মিলিয়ন ডলার। শুধু এএমসি থিয়েটারেই সাড়ে সাত লাখের বেশি দর্শক খাবার ও পানীয়র ক্রেডিট কিনে সিরিজটি উপভোগ করেছেন।
বিশেষজ্ঞরা বলছেন, স্ট্রিমিং কনটেন্টকে প্রেক্ষাগৃহে নিয়ে আসার এই নতুন কৌশল ভবিষ্যতে বিনোদন শিল্পে বড় পরিবর্তন আনতে পারে।
