দ্য সিভিলিয়ানস | বিনোদন ডেস্ক ।
মালয়েশিয়ায় বিশাল অডিও প্রকাশ অনুষ্ঠানের রেশ কাটতে না কাটতেই থালাপতি বিজয়ের আসন্ন রাজনৈতিক অ্যাকশন ছবি ‘জননায়গন’ ঘিরে বক্স অফিসে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। মুক্তির এখনও এক সপ্তাহ বাকি, ট্রেলারও প্রকাশ হয়নি। অথচ অগ্রিম টিকিট বিক্রিতেই ছবিটি ছুঁয়েছে নজিরবিহীন সাফল্য।
ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, প্রিমিয়ার শোসহ উদ্বোধনী দিনের জন্য বিশ্বজুড়ে অগ্রিম বুকিং থেকে ‘জননায়গন’-এর আয় ইতোমধ্যে ১৫ কোটি রুপিতে পৌঁছেছে। ট্রেড বিশ্লেষকদের মতে, এটি যে কোনো বড় বাজেটের ছবির জন্য অত্যন্ত শক্তিশালী সূচনা।
বিশেষ করে বিদেশের বাজারে ছবিটি নিয়ে উন্মাদনা চোখে পড়ার মতো। আন্তর্জাতিক বাজার থেকেই অগ্রিম বিক্রিতে এসেছে আনুমানিক ১১ থেকে ১২ কোটি রুপি। উত্তর আমেরিকা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় থালাপতি বিজয়ের ভক্তদের আগ্রহ সবচেয়ে বেশি।
ভারতে আপাতত সীমিত পরিসরে টিকিট বিক্রি চলছে। এখন পর্যন্ত দেশীয় বাজারে আয় প্রায় তিন কোটি রুপি। বর্তমানে কর্ণাটক ও কেরালায় বুকিং চালু থাকলেও, তামিলনাড়ুতে বিক্রি শুরু হলে আয়ের গতি আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে এটিই থালাপতি বিজয়ের শেষ ছবি—এই বাস্তবতাই ‘জননায়গন’-কে বাড়তি গুরুত্ব দিয়েছে দর্শকদের কাছে। পাশাপাশি ছবিটি রিমেক কি না, তা নিয়েও চলছে আলোচনা। তবে নির্মাতা এইচ বিনোথ স্পষ্ট করে জানিয়েছেন, এটি নিখাদ একটি থালাপতি বিজয় ছবি। তাঁর ভাষায়, সব প্রশ্নের উত্তর মিলবে হলে বসেই।
