লোড হচ্ছে...
লোড হচ্ছে...

কলকাতার হাসপাতাল থেকে ছাড়া পেলেন ওবায়দুল কাদের

প্রকাশিত: 06 জানুয়ারী 2026

55 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস | নিউজ ডেস্ক ।

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অসুস্থ হয়ে কলকাতার একটি হাসপাতালে দুদিন ভর্তি থাকার পর সোমবার ছাড়পত্র পেয়েছেন। আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

দলটির যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম বাহাউদ্দিন নাসিম বলেন, বয়সজনিত নানা শারীরিক জটিলতার পাশাপাশি শীতের প্রভাবেই সাম্প্রতিক সময়ে কিছুটা অসুস্থ হয়ে পড়েন ওবায়দুল কাদের। নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে কিছু পরীক্ষা নিরীক্ষার জন্যই তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি হাসপাতাল ছেড়েছেন। ভেন্টিলেটারে নেওয়া হয়েছে—এমন খবরকে সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দেন তিনি।

ভারতে অবস্থানরত আওয়ামী লীগের আরেক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, গত সপ্তাহ থেকে ওবায়দুল কাদের শ্বাসকষ্টে ভুগছিলেন। শুরুতে বাসাতেই অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছিল। পরে চিকিৎসকদের পরামর্শে দুই দিনের জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকেও ওবায়দুল কাদেরের অসুস্থতার বিষয়টি অবহিত করা হয়েছে এবং তিনি নিয়মিত তার শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন।

তবে নিরাপত্তা ও ব্যক্তিগত কারণে কলকাতার কোন হাসপাতালে তার চিকিৎসা হয়েছে, সে বিষয়ে দলটির নেতারা বিস্তারিত জানাতে চাননি।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman