দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য এবং ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ড. ইভারস আইজাবস।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রায় এক ঘণ্টা ধরে চলা বৈঠক শেষে বিকেল ৪টার কিছু আগে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল কার্যালয় ত্যাগ করে।
বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনী পরিবেশ, রাজনৈতিক পরিস্থিতি এবং গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এ সময় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা এবং প্রত্যাশা নিয়েও মতবিনিময় হয়।
বিএনপি সূত্র জানায়, তারেক রহমান নির্বাচনকালীন রাজনৈতিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং সমান মাঠ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি তিনি বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে দলের অবস্থান ও প্রত্যাশার কথা জানান।
অন্যদিকে, ইইউ প্রধান নির্বাচন পর্যবেক্ষক ড. ইভারস আইজাবস বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট ও নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন এবং পর্যবেক্ষক মিশনের কাজের পরিধি সম্পর্কে ধারণা দেন।
সৌজন্য সাক্ষাৎকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ উপস্থিত ছিলেন।
এই বৈঠককে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক যোগাযোগের অংশ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
