দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘রেমিট্যান্স যোদ্ধাদের গাইডলাইন কর্মশালা’। এতে দেশের ৫৪ জেলা থেকে বিশ্বের ৪৬টি দেশে কর্মরত সাড়ে চার শতাধিক প্রবাসী সরাসরি অংশ নেন।
পঞ্চগড়, কুড়িগ্রাম, পটুয়াখালী, সাতক্ষীরাসহ দেশের প্রত্যন্ত ও সীমান্তবর্তী এলাকার প্রবাসীদের প্রাণবন্ত উপস্থিতিতে কর্মশালাটি একটি ব্যতিক্রমধর্মী মিলনমেলায় রূপ নেয়। আয়োজকদের মতে, প্রবাসীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে আরও অর্থবহ ও অনুপ্রেরণাদায়ক করেছে।
কর্মশালার মূল লক্ষ্য ছিল প্রবাসীদের বাস্তব সমস্যাগুলো তুলে ধরা, তাদের করণীয় বিষয়ে সঠিক দিকনির্দেশনা দেওয়া এবং সচেতনতা বৃদ্ধি করা। এতে অভিবাসন প্রক্রিয়া, কর্মসংস্থান, আর্থিক ব্যবস্থাপনা, আইনি সহায়তা, সামাজিক নিরাপত্তা ও প্রবাস জীবনের ঝুঁকি নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞরা।
এ ছাড়া প্রবাসে অবস্থান করেও পরিবার পরিচালনা ও সন্তানদের লালন-পালন সংক্রান্ত বিষয় অর্থাৎ রিমোট প্যারেন্টিং নিয়ে একটি আলাদা পর্ব অনুষ্ঠিত হয়। সেখানে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং কার্যকর সমাধান নিয়ে আলোচনা করেন।
দর্শক মতামত পর্বে ফেনী জেলার সৌদি আরবপ্রবাসী মনিরুজ্জামান সরকারের প্রতি আহ্বান জানান, প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের জন্য সুদমুক্ত ঋণের ব্যবস্থা করার। এ প্রস্তাবে উপস্থিত প্রবাসীরা উচ্চস্বরে সমর্থন জানান।
কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা জানান, প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে এত সংগঠিত ও বাস্তবভিত্তিক আয়োজন আগে দেখেননি। তারা এ ধরনের কর্মশালা নিয়মিত আয়োজনের দাবি জানান।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসীসহ বিভিন্ন পেশাজীবী মানুষের কল্যাণে এমন সচেতনতামূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
