দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। দেশটির বিভিন্ন শহরে অর্থনৈতিক সংকট, উচ্চ মূল্যস্ফীতি ও বেকারত্বের বিরুদ্ধে টানা বিক্ষোভ চলছে। এই প্রেক্ষাপটে একটি আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে এমন দাবি সরাসরি ও কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে ভারতে অবস্থিত ইরানি দূতাবাস।
ওই প্রতিবেদনে বলা হয়েছিল, ৮৬ বছর বয়সি আয়াতুল্লাহ খামেনি পরিস্থিতি আরও অবনতি হলে পরিবারের প্রায় ২০ জন সদস্যকে নিয়ে দেশ ত্যাগ করতে পারেন। সম্ভাব্য গন্তব্য হিসেবে রাশিয়ার রাজধানী মস্কোর নামও উল্লেখ করা হয়। এমনকি তার বিদেশে সম্পদ থাকার দাবিও তোলা হয়।
এ বিষয়ে এক বিবৃতিতে ভারতের ইরানি দূতাবাস জানায়, এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। দূতাবাসের ভাষ্য অনুযায়ী, ইসরাইলের সঙ্গে ১২ দিনব্যাপী যুদ্ধ চলাকালেও খামেনি দেশ ছাড়েননি। সুতরাং বর্তমান বিক্ষোভের কারণে তার দেশত্যাগের খবর সম্পূর্ণ অপপ্রচার। একে ‘শত্রু রাষ্ট্রগুলোর পরিকল্পিত গুজব’ বলেও উল্লেখ করা হয়।
ইরানে চলমান পরিস্থিতি নিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে কয়েকজন ইরানি নাগরিক বলেন, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় সত্যিই বড় সমস্যা। তবে তারা খামেনির বিরোধিতা করছেন না বলেও জানান। তাদের মতে, শাসকবিরোধী স্লোগানের পেছনে মূলত সাবেক শাহ রেজা পাহলভির সমর্থক ও বিদেশি শক্তির প্রভাব রয়েছে।
এদিকে কোম শহরের ইসলামি চিন্তাবিদ মাওলানা জামির জাফরি বলেন, খামেনি সম্প্রতি ৩ জানুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন, যা প্রমাণ করে তিনি সক্রিয়ভাবেই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন। তেহরানের পরিস্থিতিও মোটামুটি স্বাভাবিক রয়েছে বলে তিনি দাবি করেন।
