দ্য সিভিলিয়ানস । আন্তর্জাতিক ডেস্ক ।
ইন্দোনেশিয়ায় ১১ আরোহী বহনকারী একটি ছোট টার্বোপ্রপ উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ১টার পর হঠাৎ করেই উড়োজাহাজটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকেই উড়োজাহাজটির অবস্থান শনাক্তে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।
মাকাসার সার্চ অ্যান্ড রেসকিউ সংস্থার তথ্য অনুযায়ী, ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্ট পরিচালিত উড়োজাহাজটি যোগিয়াকার্তা শহর থেকে যাত্রা শুরু করে সুলাওয়েসি দ্বীপের মাকাসার শহরের উদ্দেশে যাচ্ছিল। উড়োজাহাজটিতে তিনজন যাত্রী এবং আটজন ক্রু সদস্য ছিলেন।
স্থানীয় সার্চ অ্যান্ড রেসকিউ সংস্থার প্রধান মুহাম্মদ আরিফ আনোয়ার জানান, উড়োজাহাজটির সর্বশেষ সংকেত পাওয়া অবস্থানের কাছাকাছি মাকাসারের সীমান্তবর্তী মারোস রিজেন্সির পার্বত্য এলাকায় উদ্ধার দল মোতায়েন করা হয়েছে। এলাকাটি দুর্গম হওয়ায় উদ্ধার কার্যক্রমে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, নিখোঁজ উড়োজাহাজটির সন্ধানে স্থল ও আকাশপথে একযোগে অভিযান চলছে। এই তল্লাশি অভিযানে ইন্দোনেশিয়ার বিমান বাহিনী, পুলিশ, উদ্ধারকারী দল এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা অংশ নিচ্ছেন।
মাকাসার সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির অপারেশনস প্রধান আন্দি সুলতান জানান, উড়োজাহাজটির অবস্থান শনাক্তে একটি হেলিকপ্টার এবং একাধিক ড্রোন ব্যবহার করা হচ্ছে। আবহাওয়া পরিস্থিতি এবং পার্বত্য ভূপ্রকৃতির কারণে অভিযান ধীরগতিতে এগোচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
এ ঘটনায় এখনো হতাহত বা দুর্ঘটনার কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে রাখা হয়েছে।
