দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন পে স্কেল বা বেতন কাঠামোর প্রস্তাব চূড়ান্ত করেছে বেতন কমিশন। প্রস্তাব অনুযায়ী, সরকারি কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন বর্তমান ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ১৮ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে, যা দ্বিগুণেরও বেশি।
সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত ২১ সদস্যের বেতন কমিশন আগামী ২১ জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন জমা দেবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে এবং ২০২৬–২৭ অর্থবছরের জুলাই থেকে পূর্ণমাত্রায় এই নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে।
বেতন কমিশনের প্রস্তাব বাস্তবায়নে সরকারের রাজস্ব ব্যয় বাড়তে পারে আনুমানিক ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা। এই অতিরিক্ত ব্যয় সামাল দিতে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় ২২ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে।
নতুন কাঠামোতে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের বৈষম্য কমানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কমিশনের প্রস্তাব অনুযায়ী, এই অনুপাত নির্ধারণ করা হয়েছে ১:৮। এতে একদিকে নিম্ন গ্রেডের কর্মচারীদের আর্থিক নিরাপত্তা বাড়বে, অন্যদিকে উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতনও উল্লেখযোগ্য হারে বাড়বে।
প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মূল বেতন বর্তমান ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ২০ হাজার টাকার বেশি করার পরিকল্পনা রয়েছে। কমিশনের মতে, ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রাখতে এই বেতন বৃদ্ধি জরুরি।
উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদনের পর প্রজ্ঞাপন জারির মাধ্যমে নতুন পে স্কেল কার্যকরের প্রক্রিয়া শুরু হবে। এতে সরকারি সেবা খাতে কর্মীদের মনোবল ও কাজের গতি বাড়বে বলে আশা করা হচ্ছে।
