দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
‘হ্যাঁ’ ভোট মানে আজাদি আর ‘না’ ভোট মানে গোলামি, এমন স্পষ্ট বার্তা দিয়ে গণভোট ও জাতীয় নির্বাচনে জনগণকে সিদ্ধান্তমূলক ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (২৫ জানুয়ারি) পুরান ঢাকার ধূপখোলা মাঠে জামায়াত সমর্থিত ঢাকা-৬ আসনের সংসদ প্রার্থী ড. আব্দুল মান্নানের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, ভাতা দিয়ে বেকারত্ব দূর হয় না, বরং সমস্যা আরও বাড়ে। জামায়াতের লক্ষ্য ভাতা নয়, কর্মসংস্থান সৃষ্টি। তার ভাষায়, দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব তরুণদের শক্তিকে কাজে লাগানোর মাধ্যমে। দায়িত্ব পেলে সারাদেশকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও গর্ব করার মতো পরিবেশে রূপান্তর করা হবে। চাঁদাবাজি, দুর্নীতি কিংবা অনৈতিক সুবিধা দেওয়ার সংস্কৃতি আর চলবে না।
নির্বাচনী প্রেক্ষাপটে সতর্কতা জানিয়ে তিনি বলেন, ভোট কারচুপির আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তাই ভোটারদের নিজ নিজ ভোট পাহারা দিতে হবে এবং কেউ ভোট দখলের চেষ্টা করলে তা প্রতিরোধ করতে হবে। বক্তব্য শেষে তিনি জামায়াত সমর্থিত প্রার্থী ড. আব্দুল মান্নানের হাতে দলীয় প্রতীক তুলে দেন। একইসঙ্গে ঢাকা-৮ আসনের জোট প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর হাতে শাপলা কলি প্রতীক প্রদান করা হয়।
জনসভায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সংস্কারের চাবিকাঠি জনগণের হাতে। গণভোটের মাধ্যমে চাঁদাবাজ ও দখলবাজ রাজনীতির বিরুদ্ধে রায় দিতে হবে। হাদি হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি রাষ্ট্রের গভীর ষড়যন্ত্রের অভিযোগও করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ও এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। পুরো জনসভা কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
