দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে বড় পরিসরে প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে এ নির্বাচনে ৫৫ হাজার ৪৫৪ জন দেশি পর্যবেক্ষক মাঠে থাকবেন। পাশাপাশি বিদেশি পর্যবেক্ষক হিসেবে অংশ নেবেন প্রায় ৫০০ জন প্রতিনিধি।
সোমবার (২৬ জানুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে পর্যবেক্ষক সংস্থার চূড়ান্ত এই তথ্য জানানো হয়। ইসি জানায়, দেশে নিবন্ধিত ৮১টি পর্যবেক্ষক সংস্থা ভোট পর্যবেক্ষণের জন্য আবেদন করেছে এবং তাদের চাহিদার ভিত্তিতেই এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে।
ইসির তথ্যানুযায়ী, এসব সংস্থার মধ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে ৭ হাজার ৯৯৭ জন এবং স্থানীয় পর্যবেক্ষক হিসেবে ৪৭ হাজার ৪৫৭ জন দায়িত্ব পালন করবেন। কেন্দ্রীয় পর্যবেক্ষকদের ক্ষেত্রে একটি নির্দিষ্ট শর্ত আরোপ করেছে কমিশন। তারা নিজ নিজ ভোটার এলাকার বাইরে অন্য আসনে পর্যবেক্ষণের সুযোগ পাবেন, যাতে স্বার্থের সংঘাত বা প্রভাবের আশঙ্কা না থাকে।
এর আগে রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত বিদেশি কূটনৈতিক মিশন ও জাতিসংঘ প্রতিনিধিদের ব্রিফিংয়েও এই পর্যবেক্ষকসংক্রান্ত তথ্য তুলে ধরেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সেখানে তিনি নির্বাচন কমিশনের প্রস্তুতি, নিরাপত্তা ও পর্যবেক্ষণ ব্যবস্থার বিভিন্ন দিক ব্যাখ্যা করেন।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোটাররা একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তাদের মতামত দেবেন।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, ব্যাপক পর্যবেক্ষক উপস্থিতি নির্বাচনের স্বচ্ছতা বাড়াবে এবং ভোটারদের আস্থা জোরদারে ভূমিকা রাখবে।
