লোড হচ্ছে...
লোড হচ্ছে...

জুলাই আন্দোলনের তরুণরাই একদিন বিশ্ব নেতৃত্বে ভূমিকা রাখবে: ড.ইউনুস

প্রকাশিত: 28 জানুয়ারী 2026

39 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ডিজিটাল প্রযুক্তিই হবে বাংলাদেশের ভবিষ্যৎ রূপান্তরের প্রধান চালিকাশক্তি, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, দেশের রাজনীতিতে জুলাই আন্দোলন যেমন নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছিল, তেমনি তথ্যপ্রযুক্তি খাতে নতুন সম্ভাবনা তৈরি করবে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো।

বুধবার দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ড. ইউনূস বলেন, জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পর যে গণবিক্ষোভ তৈরি হয়েছিল, সেটিই শেষ পর্যন্ত একটি শক্তিশালী সরকারের পতনের কারণ হয়। তাঁর মতে, ওই আন্দোলনে অংশ নেওয়া তরুণরাই একদিন বিশ্ব নেতৃত্বে ভূমিকা রাখবে।

তিনি বলেন, বর্তমানে ডিজিটাল খাতই মূল খাত। কারণ এই খাত থেকেই অন্যান্য সব খাতে পরিবর্তনের ঢেউ ছড়িয়ে পড়ে। তবে নাগরিক সেবার ডিজিটাইজেশন এখনো বাস্তবে পুরোপুরি কার্যকর হয়নি। সরকার কেবল একটি সিস্টেম তৈরি করে দেবে, মানুষ নিজের প্রয়োজন অনুযায়ী তা ব্যবহার করবে—এটাই প্রযুক্তির প্রকৃত শক্তি।

পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থার দুর্বলতার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, তিন পার্বত্য জেলায় প্রায় আড়াই হাজার স্কুলের মধ্যে মাত্র ১২টিতে ইন্টারনেট সংযোগ ছিল। যেখানে শিক্ষক নেই, সেখানে ইন্টারনেটই হতে পারে সবচেয়ে কার্যকর শিক্ষক।

চাকরি নির্ভর মানসিকতার সমালোচনা করে তিনি বলেন, সবার জন্য চাকরি নিশ্চিত করার ধারণা এক ধরনের দাস প্রথার মতো। বরং উদ্যোক্তা তৈরিতে সরকারকে সহায়ক ভূমিকা নিতে হবে। একই সঙ্গে জালিয়াতির সংস্কৃতি বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই প্রবণতা বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

ড. ইউনূসের ভাষায়, প্রযুক্তিতে সঠিকভাবে এগোতে পারলে বাংলাদেশ মাথা উঁচু করেই বিশ্বে চলতে পারবে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman