লোড হচ্ছে...
লোড হচ্ছে...

নির্বাচনে দেশব্যাপী মাঠে নামছে বিজিবি

প্রকাশিত: 28 জানুয়ারী 2026

39 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে রাজধানী ঢাকাসহ তিন জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে আগামী বৃহস্পতিবার থেকে মাঠে নামছেন বিজিবি ৫ ব্যাটালিয়নের সদস্যরা।

বুধবার দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের ৫ ব্যাটালিয়নের ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান।

তিনি জানান, ঢাকা সেক্টরের আওতাধীন বিজিবি ৫ ব্যাটালিয়ন এলাকায় মোট ৩৮টি প্লাটুন মোতায়েন করা হবে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পাঁচটি সংসদীয় আসনে ১১ প্লাটুন, সাভার ও ধামরাইয়ের দুইটি আসনে ৬ প্লাটুন, ফরিদপুরের চারটি আসনে ১৩ প্লাটুন এবং মানিকগঞ্জের তিনটি আসনে ৮ প্লাটুন দায়িত্ব পালন করবে।

নিরাপত্তা জোরদারে রাজধানীর প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হবে। পাশাপাশি বিজিবির বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন থাকবে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় র‍্যাপিড অ্যাকশন টিম, কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত রাখা হয়েছে এবং প্রয়োজনে হেলিকপ্টার ব্যবহারের ব্যবস্থাও থাকবে।

এবার নির্বাচনী দায়িত্ব পালনে বডি ওর্ন ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস, এপিসি এবং আধুনিক সিগন্যাল সরঞ্জাম ব্যবহার করা হবে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে।

বিজিবি অধিনায়ক আরও বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনে প্রিজাইডিং অফিসারের সহায়তা চাওয়ার ভিত্তিতে বা সহিংসতা ও জাল ভোটের আশঙ্কা দেখা দিলে বিজিবি তাৎক্ষণিকভাবে ভোটকেন্দ্রে প্রবেশ করে ব্যবস্থা নিতে পারবে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, সরকার, নির্বাচন কমিশন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় এবারের নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman