লোড হচ্ছে...
লোড হচ্ছে...

বাংলাদেশ যুক্তরাষ্ট্র ল্যান্ড ফোর্সেস টকস সফল সমাপ্তি

প্রকাশিত: 28 জানুয়ারী 2026

38 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে অনুষ্ঠিত নবম ল্যান্ড ফোর্সেস টকস (এলএফটি) ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। দুই দিনব্যাপী এই বৈঠক ২৬ ও ২৭ জানুয়ারি ঢাকার সেনানিবাসে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

আইএসপিআর জানায়, এবারের বৈঠকটি গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত নবম ল্যান্ড ফোর্সেস টকসের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আয়োজন করা হয়। আলোচনায় উভয় দেশের সেনাবাহিনীর প্রতিনিধিরা অংশ নেন এবং সামরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

বাংলাদেশের পক্ষে ২২ সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়। দলের নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ বদরুল হক। অপরদিকে যুক্তরাষ্ট্রের পক্ষে চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র প্যাসিফিক আর্মি কমান্ডের নিরাপত্তা সহযোগিতা বিভাগের মেজর মাইকেল জেকব ওস্টার।

উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হুমায়ূন কবীর। তিনি বলেন, দুই দেশের সেনাবাহিনীর মধ্যে চলমান সহযোগিতা আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বৈঠকে সামরিক প্রশিক্ষণ বিনিময়, যৌথ মহড়া, আধুনিক প্রযুক্তি ও সামরিক সরঞ্জাম ব্যবহারে সক্ষমতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ভবিষ্যতে একাধিক যৌথ প্রশিক্ষণ আয়োজন এবং উদ্ভাবনী প্রশিক্ষণ পদ্ধতি চালুর বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করে।

আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় সম্মিলিত প্রস্তুতি এবং বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তিগত সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পায়। প্রতিনিধিরা এসব ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও গভীর করার আগ্রহ পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অষ্টম ল্যান্ড ফোর্সেস টকস অনুষ্ঠিত হয়েছিল।

সূত্র: আইএসপিআর

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman