দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফেরত নেওয়ার পেছনে কোনো নিরাপত্তাজনিত কারণ খুঁজে পাচ্ছেন না অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তাঁর ভাষায়, দেশে এমন কোনো পরিস্থিতি নেই যেখানে ভারতীয় কর্মকর্তা বা তাঁদের পরিবার ঝুঁকিতে রয়েছে।
বুধবার ২৮ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ভারতীয় মিশনের পক্ষ থেকে পরিবারগুলো ফেরত নেওয়ার সিদ্ধান্তের কারণ জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে এমন একটি ঘটনাও ঘটেনি, যাতে বিদেশি কূটনীতিক বা তাঁদের পরিবারের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়েছে।
নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা বা সংকেত আছে কি না জানতে চাইলে মো. তৌহিদ হোসেন বলেন, “শঙ্কা নেই। আর সংকেত বলতে কী বোঝানো হচ্ছে, সেটাও পরিষ্কার না। এটা তাদের একান্ত নিজস্ব সিদ্ধান্ত। তারা চাইলে যেকোনো সময় তাদের কর্মীদের পরিবারকে ফেরত নিতে পারে।”
তিনি আরও বলেন, ভারত কেন এই সিদ্ধান্ত নিয়েছে, তা তিনি নিজেও বুঝতে পারছেন না। হয়তো তাদের মনে কোনো আশঙ্কা কাজ করছে, অথবা কোনো বার্তা দিতে চাইছে, এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে এর মধ্যে সুনির্দিষ্ট কোনো অর্থ বা বার্তা খুঁজে পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পরিবার প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে আপত্তি জানানোর কিছু নেই। এটি সংশ্লিষ্ট দেশের নিজস্ব সিদ্ধান্ত। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটেনি।
নির্বাচনকেন্দ্রিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, অতীতের নির্বাচনকালীন সময়গুলোতে ছোটখাটো মারামারি বা ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এবার তার চেয়ে বেশি কিছু হয়েছে বলে মনে হচ্ছে না।
ভারতের পক্ষ থেকে নিরাপত্তা নিয়ে আনুষ্ঠানিক কোনো বার্তা দেওয়া হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন স্পষ্ট করে বলেন, ভারতীয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত বাংলাদেশে তাদের কূটনীতিক বা পরিবারের সদস্যরা ঝুঁকিতে রয়েছে, এমন কোনো অভিযোগ বা বার্তা দেয়নি।
