দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
বগুড়ার শেরপুর উপজেলায় দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ফায়ারফাইটার আহসান হাবীব। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত প্রায় ২টা ৫ মিনিটের দিকে শেরপুর ফায়ার স্টেশনের সামনে এক ভয়াবহ ঘটনায় তিনি নিহত হন, স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঐ সময় একটি দুর্ঘটনার খবর পেয়ে স্টেশন থেকে একটি ইউনিট রেসপন্সে ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল। ওই সময় ফায়ারফাইটার আহসান হাবীব দুর্ঘটনার খবর পেয়ে গাড়ি বের করতে মেইন গেট খুলছিলেন। তখন তিনি রাস্তায় একটি ট্রাককে থামানোর চেষ্টা করেন যাতে ফায়ার সার্ভিসের গাড়িটি নিরাপদে বের হতে পারে। ট্রাক থেমে গেলে পেছন দিক থেকে বেপরোয়া গতির একটি বাস ট্রাকটিকে শক্তভাবে ধাক্কা দেয়। এতে ট্রাকটি স্টেশনের ভেতর ঢুকে যায় এবং আহসান হাবীব ট্রাকের নিচে চাপা পড়েন।
তদন্তকারী পুলিশ জানায়, ওই দুর্ঘটনায় বাস ও ট্রাককে জব্দ করা হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করে বগুড়া জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহসান হাবীব গত ১১ মে ২০২৩ থেকে শেরপুর ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। তিনি সরকারি চাকরিতে যোগ দেন ১৪ নভেম্বর ২০০৫ সালে। তার বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা থানার ধনারুহা গ্রামে। তিনি বিবাহিত ও দুই সন্তানের জনক ছিলেন। সংবাদে বলা হয়, তার মেয়ে ২২ বছর বয়সী মারজিয়া আহসান সিনথী কুষ্টিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এবং ছেলে ১৪ বছর বয়সী আব্দুর রাহিম আহসান ৮ম শ্রেণিতে পড়াশোনা করেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল শোক প্রকাশ করেন এবং পরিবারকে সহায়তা প্রদানের নির্দেশ দেন। রাজশাহী বিভাগের উপপরিচালক মোঃ মঞ্জিল হক ঘটনাস্থলে যান ও শোক প্রকাশ করেন। মরদেহের প্রথম জানাজা বগুড়া ফায়ার স্টেশনে অনুষ্ঠিত হয় এবং পরে গ্রামের বাড়িতে নেওয়া হবে।
