দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারের শপথ আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। আগামী মঙ্গলবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথমে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং পরে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সংবিধান অনুযায়ী গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে সদস্যদের শপথ গ্রহণ বাধ্যতামূলক।
সংসদীয় দলের বৈঠকে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা নির্বাচন করা হবে। পরে তিনি রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি জানাবেন। রাষ্ট্রপতির আমন্ত্রণে শপথের মধ্য দিয়ে নতুন মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবে। এবার শপথ অনুষ্ঠান বঙ্গভবনের পরিবর্তে সংসদের দক্ষিণ প্লাজায় হওয়ায় আনুষ্ঠানিকতায় কিছু পরিবর্তন আসছে।
অন্যদিকে নতুন সরকার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হবে। উপদেষ্টারা ইতোমধ্যে কূটনৈতিক পাসপোর্ট ও সম্পদের হিসাব জমা দিচ্ছেন এবং সরকারি বাসা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছেন। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানান, নিয়ম মেনেই তিনি ও তাঁর স্ত্রী পাসপোর্ট জমা দিয়েছেন। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সীমিত সময়ের মধ্যে কিছু কাঠামোগত জটিলতা দূর করা গেছে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। বর্তমানে প্রধান উপদেষ্টাসহ ২০ জন উপদেষ্টা রয়েছেন। নির্বাচন কমিশন ইতোমধ্যে ২৯৭টি আসনের গেজেট প্রকাশ করেছে। সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে।
বিশ্লেষকদের মতে, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতার জন্য গুরুত্বপূর্ণ।
