লোড হচ্ছে...
লোড হচ্ছে...

প্রথমবার শহীদ মিনারে জামায়াত আমির, রাষ্ট্রাচার হিসেবে ফুল অর্পণের ব্যাখ্যা

প্রকাশিত: 21 ফেব্রুয়ারী 2026

39 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

কেন্দ্রীয় শহীদ মিনারে এই প্রথমবারের মতো ফুল দিয়ে ভাষা-শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট। শনিবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে ১১-দলীয় জোটের সংসদ সদস্যদের নিয়ে জামায়াত আমির শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে তার এই অংশগ্রহণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অতীতে ফুল না দেওয়ার ব্যাপারে দলটির অবস্থান ছিল, কোনো বস্তু বা প্রতিকৃতির সামনে ফুল বা কোনো কিছু নিবেদন করা ইসলাম সিদ্ধ নয়, কিন্ত এবার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে আসায় দলটির আগের ও পরের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে ।

শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, এটি রাষ্ট্রীয় আচার হিসেবে তার দায়িত্বের অংশ। বিরোধীদলীয় নেতা হিসেবে সহকর্মীদের নিয়ে শহীদ মিনারে আসা প্রয়োজন ছিল বলেই তিনি এসেছেন।

শহীদ মিনারে ফুল দেওয়াকে দল এখনও ‘নাজায়েজ’ মনে করে কি না—এমন প্রশ্নে তিনি কিছুটা অসন্তোষ প্রকাশ করেন এবং বলেন, এমন পবিত্র দিনে এ ধরনের প্রশ্ন না করাই ভালো।

জামায়াত আমির বলেন, তারা ভাষাশহীদদের পাশাপাশি ১৯৪৭, ১৯৫২, ১৯৭১ ও ১৯৯০ সালের গণআন্দোলনের শহীদদেরও স্মরণ করেন। সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক সহিংসতায় নিহতদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি।

শ্রদ্ধা নিবেদনের সময় তার সঙ্গে ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এবং জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামসহ জোটের শীর্ষ নেতারা। ফুল অর্পণের পর সেখানে মোনাজাত করা হয়।

একটি মানবিক রাষ্ট্র গঠনের প্রত্যয় ব্যক্ত করে বিরোধীদলীয় নেতা বলেন, ফ্যাসিবাদ, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত দেশ গঠনের আন্দোলন অব্যাহত থাকবে এবং কোনো অপকর্মের সঙ্গে আপস করা হবে না।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman