লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ঢাবি’তে ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস উদযাপন

প্রকাশিত: 02 মার্চ 2026

39 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস। সোমবার ২ মার্চ বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন বটতলা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকাকে জাতির পরিচয়, ঐক্য ও জাগরণের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের উদ্বোধন করেন উপাচার্য। তিনি বলেন, জাতীয় পতাকা কোনো সাধারণ কাপড় নয়, বরং একটি জাতির ইতিহাস, সংগ্রাম ও আত্মত্যাগের প্রতীক। ইতিহাসের গুরুত্বপূর্ণ মাইলফলকগুলো জাতির পরিচয় নির্মাণ করে এবং ভবিষ্যৎ প্রজন্মকে দায়িত্ববোধ ও ঐক্যের শিক্ষা দেয় বলেও তিনি উল্লেখ করেন।

প্রো ভাইস চ্যান্সেলর প্রশাসন অধ্যাপক ড. সায়মা হক বিদিশার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রো ভাইস চ্যান্সেলর শিক্ষা অধ্যাপক ড. মামুন আহমেদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। বক্তারা বলেন, ১৯৭১ সালের ২ মার্চ কলাভবন প্রাঙ্গণে ঐতিহাসিক পতাকা উত্তোলনের মধ্য দিয়েই স্বাধীনতার আন্দোলন সুসংগঠিত রূপ পায়। সবুজ জমিনে লাল বৃত্ত ও সোনালি মানচিত্রখচিত সেই পতাকা মুক্তিযুদ্ধের প্রত্যয়ের প্রতীক হয়ে ওঠে।

বক্তারা জাতীয় ঐক্য অটুট রাখা এবং স্বাধীনতার চেতনা ধারণ করে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনের আহ্বান জানান। কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি জাতীয় সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছে, ফলে পতাকা দিবস কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং জাতীয় অঙ্গীকার পুনর্ব্যক্তের দিন।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে জাতীয় সংগীত, দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশিত হয়। অসুস্থতার কারণে আমন্ত্রিত অতিথি আ স ম আব্দুর রব উপস্থিত থাকতে পারেননি।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman