দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে রাজধানীর কাকরাইলের আইডিবি ভবনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নেতৃবৃন্দ অংশ নেন।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, কিছু স্বার্থান্বেষী মহল মালিক-শ্রমিক সম্পর্কের অবনতি ঘটিয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। এ বিষয়ে শ্রমিকদের সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংঘাত নয়, পারস্পরিক সহযোগিতা ও আস্থাই হওয়া উচিত সম্পর্কের ভিত্তি। মালিক কর্মসংস্থান সৃষ্টি করেন, আর শ্রমিক তাদের শ্রম ও দক্ষতার মাধ্যমে প্রতিষ্ঠানকে সচল রাখেন। এই পারস্পরিক নির্ভরতার সম্পর্ক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হলে মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।
ডা. শফিকুর রহমান আরও বলেন, যারা আল্লাহভীরু, তাদের কাছে সব মানুষই নিরাপদ। একটি দরদি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে মালিক-শ্রমিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রয়োজন রয়েছে।
রমজানের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, পবিত্র এই মাস সংযম, আত্মশুদ্ধি ও রহমতের শিক্ষা দেয়। রমজান বিভেদ নয়, বরং ঐক্য ও সহমর্মিতার বার্তা বহন করে। তিনি দোয়া করেন, এ মাস সবার জীবনে শান্তি, রহমত ও ঐক্যের পরিবেশ সৃষ্টি করুক।
