লোড হচ্ছে...
লোড হচ্ছে...

রোমাঞ্চকর ম্যাচে সিরিজ জয় বাংলাদেশের

প্রকাশিত: 16 মার্চ 2026

34 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টানটান উত্তেজনার ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২ ১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের অভিষেক সেঞ্চুরি, তাসকিন আহমেদ ও নাহিদ রানার আগুনে বোলিং এবং শেষ ওভারে রিশাদ হোসেনের স্নায়ু ধরে রাখা পারফরম্যান্সে স্মরণীয় জয় পায় টাইগাররা।

রোববার সিরিজ নির্ধারণী ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ প্রতিযোগিতামূলক সংগ্রহ গড়ে তোলে। ওপেনিং জুটিতে সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম দলকে শক্ত ভিত এনে দেন। তামিম ৯৮ বলে ১০৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যা তার ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি। ইনিংসটি সাজানো ছিল ছয় চার ও সাত ছক্কায়। পরে লিটন কুমার দাস ও তাওহিদ হৃদয়ের ছোট কিন্তু কার্যকর ইনিংসে দল লড়াইয়ের পুঁজি পায়।

রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। নাহিদ রানা ও তাসকিন আহমেদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্রুত তিন উইকেট হারায় সফরকারীরা। তবে সালমান আলী আঘা দায়িত্বশীল ব্যাটিংয়ে ম্যাচে ফিরিয়ে আনেন পাকিস্তানকে। তিনি ১০৬ রানের লড়াকু ইনিংস খেললেও ৪৮তম ওভারে তাসকিনের বলে আউট হলে ম্যাচের মোড় ঘুরে যায়।

শেষ দুই ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ২৮ রান। ৪৯তম ওভারে শাহিন শাহ আফ্রিদির দুই ছক্কায় চাপ তৈরি হলেও মোস্তাফিজুর রহমান শেষ বলে উইকেট তুলে সমীকরণ কঠিন করে দেন। শেষ ওভারে ১৪ রান রক্ষার দায়িত্ব পান লেগ স্পিনার রিশাদ হোসেন। আগের ওভারগুলো ব্যয়বহুল হলেও শেষ ওভারে মাত্র দুই রান দিয়ে অবিশ্বাস্যভাবে জয় নিশ্চিত করেন তিনি।

এই জয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে নবম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। বিশ্লেষকদের মতে, নতুন প্রজন্মের ক্রিকেটারদের আত্মবিশ্বাসী পারফরম্যান্স বাংলাদেশের সীমিত ওভারের ক্রিকেটে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman