দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
মধ্যপ্রাচ্যজুড়ে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে পবিত্র ওমরা পালনের পরিকল্পনা স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, ঈদের পরপরই সপরিবারে ওমরায় যাওয়ার পরিকল্পনা ছিল প্রধানমন্ত্রীর। দায়িত্ব গ্রহণের পর এটিই হতো তার প্রথম ওমরা সফর। তবে ইরানকে কেন্দ্র করে শুরু হওয়া সামরিক সংঘাত দ্রুত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ায় নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মার্চের শুরুতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর অঞ্চলজুড়ে উত্তেজনা বাড়তে থাকে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও লেবাননসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানানো হয়েছে। এতে উপসাগরীয় অঞ্চলজুড়ে নিরাপত্তা ঝুঁকি ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এদিকে সৌদি আরবে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চারজন বাংলাদেশি নিহত এবং আরও ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রীর সফর আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানানো হয়।
এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে লন্ডন সফর শেষে ওমরা পালনের পরিকল্পনা থাকলেও বিভিন্ন সীমাবদ্ধতার কারণে সেটি বাস্তবায়িত হয়নি। তখন তিনি লন্ডন থেকে সরাসরি দেশে ফিরে আসেন।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা সংকট কূটনৈতিক ও ব্যক্তিগত সফরসূচিতে বড় ধরনের প্রভাব ফেলছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধরনের সিদ্ধান্ত অব্যাহত থাকতে পারে।
