লোড হচ্ছে...
লোড হচ্ছে...

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী শামস সুমন আর নেই

প্রকাশিত: 17 মার্চ 2026

52 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন মারা গেছেন। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন শামস সুমন। বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পরই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চ্যানেল আইয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

মঞ্চনাটকের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন শামস সুমন। পরবর্তীতে ছোট ও বড় পর্দায় সমান দক্ষতায় অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পান। দীর্ঘ সময় ধরে তিনি অভিনয়ের পাশাপাশি গণমাধ্যম ব্যবস্থাপনাতেও যুক্ত ছিলেন। তিনি রেডিও ভূমির স্টেশন প্রধান এবং চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে জয়যাত্রা, বিদ্রোহী পদ্মা, আয়না কাহিনী, প্রিয়া তুমি সুখী হও, মন জানেনা মনের ঠিকানা, কক্সবাজারে কাকাতুয়া এবং চোখের দেখা।

২০০৮ সালে ‘স্বপ্নপুরণ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

বুধবার সকাল ১০টায় চ্যানেল আই প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে রাজশাহীতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman