দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটিকে সামনে রেখে পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত হয়েছে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার পাহাড় ও লেকঘেরা বিভিন্ন পর্যটন কেন্দ্র। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই এলাকাকে ঘিরে এবারও বিপুল সংখ্যক পর্যটকের আগমনের আশা করছেন সংশ্লিষ্টরা।
কাপ্তাই লেকের নীল জলরাশি, কর্ণফুলি নদীর মনোরম প্রবাহ এবং সীতা পাহাড় ও রাম পাহাড়ের অপরূপ দৃশ্য মিলিয়ে কাপ্তাই দীর্ঘদিন ধরেই পর্যটকদের কাছে জনপ্রিয় গন্তব্য। এবার ঈদ উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি থাকায় পর্যটন শহর হিসেবে পরিচিত এ এলাকায় দর্শনার্থীর সংখ্যা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, ঈদকে কেন্দ্র করে নতুন সাজে প্রস্তুত করা হচ্ছে বিভিন্ন পর্যটন স্পট। জনপ্রিয় পর্যটন কেন্দ্র শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পড হাউসে চলছে সৌন্দর্যবর্ধন কাজ। প্রতিষ্ঠানটির ম্যানেজার মিনহাজ উদ্দিন জানান, তাদের ৯টি নন এসি পড হাউস, ৫টি এসি পড হাউস ও ৫টি ডিলাক্স রুম ঈদের দিন থেকে ২৭ মার্চ পর্যন্ত আগেই বুকিং হয়ে গেছে। রেস্টুরেন্টে একসঙ্গে তিন শতাধিক অতিথির খাবারের ব্যবস্থা রয়েছে।
এদিকে ৪১ বিজিবি পরিচালিত প্যানোরোমা জুম রেস্তোরাঁসহ অন্যান্য স্পটেও চলছে সাজসজ্জার প্রস্তুতি। সংশ্লিষ্টরা জানান, দীর্ঘ ছুটির কারণে এবার রেকর্ডসংখ্যক পর্যটক আসতে পারে।
শিলছড়ি বনশ্রী পর্যটন কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী রুবায়েত আক্তার বলেন, কাপ্তাইয়ের প্রতিটি স্থানে প্রাকৃতিক সৌন্দর্যের আলাদা আকর্ষণ রয়েছে, যা পর্যটকদের বারবার টানে।
লেকভিউ আইল্যান্ড, লেকশোর পর্যটন স্পট, লেক প্যারাডাইস, কাপ্তাই রিভার ভিউ, রাইখ্যং আইল্যান্ড, ফ্লোটিং প্যারাডাইস ও চন্দ্রলোক ক্যাম্পিং সাইটসহ বিভিন্ন কেন্দ্র পর্যটকদের বরণে প্রস্তুতি নিয়েছে।
নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, পর্যটকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে পুলিশ টহল জোরদার থাকবে।
