লোড হচ্ছে...
লোড হচ্ছে...

বগুড়ায় নীলফামারী গামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত, প্রায় অর্ধশত যাত্রী আহত

প্রকাশিত: 18 মার্চ 2026

23 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বগুড়ার আদমদীঘি উপজেলায় ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়ে প্রায় অর্ধশত যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার ফলে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

বুধবার দুপুর আড়াইটার দিকে আদমদীঘির তিলকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক মাহফুজুর রহমান জানান, ট্রেনটি বেলা ২টার দিকে সান্তাহার স্টেশনে বিরতি দেওয়ার পর কিছু দূর এগোতেই কয়েকটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনের ছাদে অতিরিক্ত যাত্রী থাকায় লাইনচ্যুত হওয়ার সময় অনেকেই ছিটকে পড়ে আহত হন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তবে আহতের সঠিক সংখ্যা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

সান্তাহার রেলস্টেশনের স্টেশন মাস্টার খাদিজা খাতুন জানান, আদমদীঘির ছাতিয়ান গ্রামের কাছে ট্রেনটির বগিগুলো লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে।

লাইনচ্যুত বগি সরাতে পাবনার ঈশ্বরদী ও দিনাজপুরের পার্বতীপুর থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। বগুড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু জানান, রেল চলাচল স্বাভাবিক হতে অন্তত ১০ থেকে ১২ ঘণ্টা সময় লাগতে পারে।

দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman