দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
জামালপুরের দেওয়ানগঞ্জে ঈদের দিনে ভাসমান ড্রাম ব্রিজ ভেঙে শতাধিক মানুষ ব্রহ্মপুত্র নদে পড়ে যাওয়ার মর্মান্তিক ঘটনায় চার শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু নিখোঁজ রয়েছে। শনিবার (২১ মার্চ) বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে ব্রহ্মপুত্র নদে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো উপজেলার কালুরচর এলাকার শের আলীর ছেলে আব্দুল মোতালেব (৬) ও মেয়ে খাদিজা (১২), ডাকাতিয়া পাড়ার জয়নালের মেয়ে মায়ামনি (১০) এবং বেলতলি রেলগেট এলাকার হাবীবুল্লাহর ছেলে আবীর হোসেন (১৪)।
স্থানীয় সূত্র জানায়, ঈদ উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ভাসমান ব্রিজ ও আশপাশের নদীর তীরে বিপুল মানুষের সমাগম ঘটে। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ব্রিজটিতে অতিরিক্ত চাপ সৃষ্টি হলে হঠাৎ সেটি ভেঙে যায়। এতে ব্রিজে অবস্থানরত শতাধিক মানুষ নদীতে পড়ে যান।
অনেকে সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও কয়েকজন শিশু প্রবল স্রোতে ভেসে যায়। ঘটনাস্থলেই তিন শিশুর মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্য, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন। দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মুবিন খান জানান, নিখোঁজ দুই শিশুকে উদ্ধারে অভিযান এখনও চলমান রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজটির ঝুঁকিপূর্ণ অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে ঈদের আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়েছে।
