দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
বাংলাদেশ সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান প্রধানমন্ত্রী তারেক রহমান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার (৬ জুন) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে মতবিনিময় হয়েছে।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

তিন দিনের সরকারি সফরে গত বৃহস্পতিবার রাতে সিউল থেকে ঢাকায় পৌঁছান হাকান ফিদান। সফরের দ্বিতীয় দিনে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা শিল্প, সাংস্কৃতিক সহযোগিতা এবং আঞ্চলিক বিষয়াদি নিয়ে আলোচনা হয়।
সফরের অংশ হিসেবে শুক্রবার তিনি রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে কক্সবাজার যান। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি এবং চলমান মানবিক সহায়তা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে তিনি একই রাতে ঢাকায় ফিরে আসেন।
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা, শিক্ষা, সংস্কৃতি এবং মানবিক সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উচ্চপর্যায়ের সফর দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।
তিন দিনের সরকারি সফর শেষে আজ বিকেলে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

