লোড হচ্ছে...
লোড হচ্ছে...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তির দায়িত্ব সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: 24 মার্চ 2026

23 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা বা দায়মুক্তি দেওয়ার বিষয়ে সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আন্দোলনের চেতনা ও জনগণের প্রত্যাশাকে রাষ্ট্রীয় কাঠামোয় স্থায়ী রূপ দিতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে বিশেষ কমিটির প্রথম বৈঠকে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের সরকার আনুষ্ঠানিকভাবে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিতে চায় এবং তাদের জন্য ঘোষিত ইনডেমনিটি বা দায়মুক্তি সরকার গ্রহণ করবে।

তিনি বলেন, বর্তমান সরকারের সিদ্ধান্তগুলো জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা ও ছাত্র জনতার আকাঙ্ক্ষার ভিত্তিতেই নেওয়া হবে। আন্দোলনে অংশগ্রহণকারীদের অবদান রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করা হবে বলেও ইঙ্গিত দেন তিনি।

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ নিয়েও বৈঠকে আলোচনা চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদীয় বিধান অনুযায়ী ৩০ কার্যদিবসের মধ্যে এসব অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। ইতোমধ্যে অর্ধেক সময় অতিক্রম হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাকি সময়ের মধ্যেই প্রতিটি অধ্যাদেশ পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বিগত সরকারের আমলে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও স্থাপনার রাজনৈতিক নামকরণ পরিবর্তনের বিষয়টিও আলোচনার গুরুত্বপূর্ণ এজেন্ডা হিসেবে উঠে এসেছে। জনস্বার্থকে প্রাধান্য দিয়েই এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

বৈঠকের আগে জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির মো. মুজিবুর রহমান বলেন, জুলাইয়ের জনআকাঙ্ক্ষার সঙ্গে সংশ্লিষ্ট অধ্যাদেশগুলোকে তারা গুরুত্ব দেবে। তবে সংবিধানবিরোধী বা জনস্বার্থবিরোধী কোনো প্রস্তাব থাকলে দলটি নিজেদের মতামত তুলে ধরবে।

সংসদ ভবনে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকে সরকারি ও বিরোধী দলের শীর্ষ নেতারা অংশ নিয়েছেন। বৈঠক শেষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক ও আইনি কাঠামো পুনর্গঠনের ইঙ্গিত দিচ্ছে সরকার। তবে দায়মুক্তি প্রশ্নটি ভবিষ্যতে আইনগত ও রাজনৈতিক বিতর্ক তৈরি করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman