লোড হচ্ছে...
লোড হচ্ছে...

সাবেক ডিজিএফআই ডিজি ৫ দিনের রিমান্ডে

প্রকাশিত: 26 মার্চ 2026

35 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

রাজধানীর মিরপুরে জুলাই আন্দোলন চলাকালে দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সিদ্দিক আজাদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপপরিদর্শক কফিল উদ্দিন সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আইনশৃঙ্খলা বাহিনী বুধবার দিবাগত রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে শেখ মামুন খালেদকে আটক করে। পরে তাকে দেলোয়ার হোসেন হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দেখানো হয়।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে ডিজিএফআইকে রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারের অভিযোগ, ২০০৭ সালের ওয়ান ইলেভেন সময়কার বিতর্কিত ভূমিকা এবং জলসিঁড়ি আবাসন প্রকল্পে অনিয়ম সংক্রান্ত বিষয়গুলো নিয়েও অনুসন্ধান চলছিল।

আদালত সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময় ২০২৫ সালের মে মাসে দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে শেখ মামুন খালেদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

উল্লেখ্য, ২০০৭ থেকে ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার আমলের শেষ দিকে তিনি ডিজিএফআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি সংস্থাটির মহাপরিচালক পদে নিয়োগ পান।

বিশ্লেষকদের মতে, দেশের গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানকে হত্যামামলায় রিমান্ডে নেওয়ার ঘটনা সাম্প্রতিক রাজনৈতিক ও আইনগত পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে এবং মামলার অগ্রগতি এখন বিশেষভাবে পর্যবেক্ষণে থাকবে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman