দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং অবৈধ মজুদদারি ও কারসাজি প্রতিরোধে সারাদেশে বিশেষ ভিজিলেন্স টিম গঠন করেছে সরকার। একই সঙ্গে জ্বালানি তেল নিয়ে অনিয়মের তথ্য প্রদানকারীদের জন্য পুরস্কার ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, দেশের প্রতিটি জেলায় জ্বালানি তেলের সরবরাহ ও বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে পৃথক ভিজিলেন্স টিম কাজ করবে। এসব টিম অবৈধ মজুদ, সরবরাহে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা মূল্য কারসাজির অভিযোগ তদন্ত করবে।
বিবৃতিতে সচেতন নাগরিকদের নির্ভরযোগ্য তথ্য ও সুনির্দিষ্ট অভিযোগ প্রশাসনকে জানানোর আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাপ্ত তথ্য যাচাই করে সত্যতা মিললে তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে।
এদিকে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার প্রেক্ষাপটে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) গ্রাহকদের প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল ক্রয় না করার অনুরোধ জানিয়েছে। স্বাভাবিক ক্রয় ও সাশ্রয়ী ব্যবহারের মাধ্যমে বাজার স্থিতিশীল রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
এরই মধ্যে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা প্রায় ৬ টন ডিজেল জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া জ্বালানি ও সরঞ্জামের আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা। জব্দকৃত তেল বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, সমুদ্রগামী জাহাজ ও তেল ডিপো থেকে পরিবহনের সময় একটি অসাধু চক্র জ্বালানি তেল অপসারণ করে স্থানীয় বাজারে সরবরাহ করছিল।
সরকার জানিয়েছে, জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা ও সরবরাহ ব্যবস্থা সচল রাখতে তেল ডিপো, পেট্রোল পাম্প এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ওপর কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
