দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
মুক্তিযুদ্ধের ইতিহাসকে অন্য কোনো রাজনৈতিক বা ঐতিহাসিক ঘটনার সঙ্গে না মেলানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসে সর্বাগ্রে স্থান পাবে এবং এটি অন্য কোনো ঘটনার সঙ্গে তুলনীয় নয়।
শুক্রবার (২৭ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে জানে যে স্বাধীনতার ঘোষণা চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল। তিনি উল্লেখ করেন, ২৭ মার্চ তৎকালীন মেজর জিয়াউর রহমান প্রভিশনাল হেড অব দ্য স্টেট হিসেবে স্বাধীনতার ঘোষণা দেন।
তিনি আরও বলেন, বিএনপি কারো অবদান অস্বীকার করে না এবং মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছেন, তাদের সকলের ভূমিকা সম্মানের সঙ্গে স্বীকৃতি দেওয়া উচিত। একই সঙ্গে সাম্প্রতিক ছাত্র গণঅভ্যুত্থানে শহীদ ও নেতৃত্বদানকারীদের অবদানও সরকার স্বীকার করে বলে জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ইতিহাস নিয়ে বিভাজন তৈরি না করে জাতীয় ঐক্য গড়ে তোলা জরুরি। “আমরা কারো বিজয় ছিনিয়ে নিতে চাই না। সবাই মিলে একাত্তরের ইতিহাসকে আগে সম্মান জানাতে হবে। একাত্তর আগে, বাকি সব পরে,” যোগ করেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্বাধীনতা দিবস ঘিরে মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্বাধীনতার ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এতে ঐতিহাসিক বয়ান ও রাজনৈতিক অবস্থানের প্রশ্ন আবারও সামনে এসেছে।
