দেশের বাজারে আবারও স্বর্ণের দাম প্রতি ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের ভরি বেড়ে দুই লাখ ৪৭ হাজার ৯শ টাকা ছাড়িয়ে গেছে। মঙ্গলবার যা ছিল দুই লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।
বুধবার সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বাড়ানো হয়েছে।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা।
স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭১৫ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৫০০ টাকা।
