দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ইরাকের রাজধানী বাগদাদে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সম্ভাব্য হামলার আশঙ্কায় নিরাপত্তা সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস বাগদাদ। বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়েছে, ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো রাজধানীর কেন্দ্রীয় এলাকায় হামলার পরিকল্পনা করতে পারে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
দূতাবাসের বিবৃতিতে বলা হয়, সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে মার্কিন নাগরিক, ব্যবসা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, কূটনৈতিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো, হোটেল, বিমানবন্দরসহ যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট যেকোনো স্থাপনা ঝুঁকির মধ্যে রয়েছে। পাশাপাশি ইরাকের সরকারি প্রতিষ্ঠান ও সাধারণ বেসামরিক জনগণও হামলার ঝুঁকিতে থাকতে পারে।
সম্প্রতি মিলিশিয়া গোষ্ঠীগুলোর মাধ্যমে মার্কিন নাগরিকদের অপহরণের প্রবণতা বেড়েছে বলেও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে। দুই দিন আগে বাগদাদে এক মার্কিন সাংবাদিক অপহরণের ঘটনার পর পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। এ অবস্থায় ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত দেশ ত্যাগের আহ্বান জানিয়েছে দূতাবাস।
এদিকে একই দিনে হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাষণে তিনি প্রায় এক মাস ধরে চলা ইরান সংঘাত নিয়ে কথা বলেন এবং দাবি করেন, যুদ্ধে ইরানের নৌ ও বিমান সক্ষমতা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম BBC জানায়, ট্রাম্প তার মিত্র দেশ বিশেষ করে ইসরায়েল ও উপসাগরীয় রাষ্ট্রগুলোর ভূমিকার প্রশংসা করেন।
তিনি আরও বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে এবং দেশটিকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া উচিত নয়।
বাগদাদে সম্ভাব্য হামলার সতর্কতা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থিতিশীল হওয়ার ইঙ্গিত দিচ্ছে। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা ও আঞ্চলিক প্রক্সি সংঘাত একসঙ্গে বাড়তে থাকায় কূটনৈতিক স্থাপনা ও বিদেশি নাগরিকদের ঝুঁকি দ্রুত বাড়ছে।
সূত্র: আল জাজিরা
