দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায় তাপমাত্রা হঠাৎ বেড়ে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং শহরের কিছু সড়কে পিচ গলে ওঠার ঘটনাও দেখা গেছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৩টায় জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সর্বোচ্চ এই তাপমাত্রা রেকর্ড করে। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৩৪ শতাংশ, যা গরমের অনুভূতি আরও তীব্র করে তোলে। আগের দিন একই সময়ে তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। হঠাৎ তাপমাত্রা বৃদ্ধির ফলে জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়া কর্মকর্তারা।
তীব্র গরমে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও পরিবহন চালকেরা। জেলার বিভিন্ন তেল পাম্পে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে মোটরসাইকেল চালকদের। অনেকেই মাথা ঘোরা ও শারীরিক দুর্বলতার অভিযোগ করেছেন।
শহরের পৌরসভার সামনে সড়কের পিচ নরম হয়ে উঠে আসার দৃশ্য স্থানীয়দের উদ্বিগ্ন করেছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় উচ্চ তাপমাত্রা থাকলে নিম্নমানের বা পুরোনো সড়কে এ ধরনের সমস্যা দেখা দিতে পারে।
দিনমজুরদের অবস্থাও কঠিন হয়ে উঠেছে। তীব্র রোদে কাজ করতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। আয় কমে যাওয়ার আশঙ্কা থাকলেও জীবিকার তাগিদে কাজ চালিয়ে যেতে হচ্ছে তাদের।
চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, চলতি মৌসুমে এবারই প্রথম তাপমাত্রা ৩৮ ডিগ্রি অতিক্রম করেছে এবং আগামী কয়েকদিন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
বিশেষজ্ঞরা প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান এবং দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।
