লোড হচ্ছে...
লোড হচ্ছে...

পাকিস্তানের মদ্ধস্ততায় দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি ইরান ও আমেরিকা

প্রকাশিত: 08 এপ্রিল 2026

21 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা স্থগিত করে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর মধ্যপ্রাচ্যে সাময়িক স্বস্তির পরিস্থিতি তৈরি হয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে ইরানের সম্মতির পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

মঙ্গলবার রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের মধ্যস্থতায় আলোচনার অগ্রগতির ভিত্তিতে যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের জন্য ইরানের ওপর বোমা হামলা স্থগিত করতে রাজি হয়েছে। শর্ত হিসেবে হরমুজ প্রণালিতে “পূর্ণ, তাৎক্ষণিক ও নিরাপদ” নৌ চলাচল নিশ্চিত করার কথা উল্লেখ করেন তিনি।

এর কিছুক্ষণ পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে ইরানের সশস্ত্র বাহিনীও প্রতিরক্ষামূলক অভিযান সীমিত করবে। তিনি বলেন, নির্দিষ্ট সমন্বয়ের মাধ্যমে আগামী দুই সপ্তাহ হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ জাহাজ চলাচল সম্ভব হবে।

বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবহন এই প্রণালি দিয়ে হওয়ায় সংঘাত শুরুর পর এর আংশিক অবরোধ বৈশ্বিক জ্বালানি বাজারে বড় চাপ সৃষ্টি করেছিল। যুদ্ধের পাঁচ সপ্তাহে ইরানে দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে, পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলেও হতাহতের ঘটনা ঘটেছে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি ঘোষণাটি তাৎক্ষণিক সংঘাত প্রশমনে গুরুত্বপূর্ণ হলেও এটি এখনো অস্থায়ী সমঝোতা। আগামী সপ্তাহগুলোতে ইসলামাবাদে সম্ভাব্য আলোচনার ফলাফলের ওপর নির্ভর করবে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির ভবিষ্যৎ।

তবে প্রশ্ন রয়ে গেছে, ইসরায়েল এই যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলবে কি না এবং আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চলমান হামলা বন্ধ হবে কিনা। ফলে পরিস্থিতি আপাত শান্ত হলেও মধ্যপ্রাচ্যে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

 

সূত্র: আল জাজিরা

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman