দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি আবারও বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রাখার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, যুদ্ধবিরতির অবশিষ্ট সময় পর্যন্ত নির্ধারিত সমন্বিত রুট অনুসরণ করে সব বাণিজ্যিক জাহাজ নিরাপদে চলাচল করতে পারবে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীঘনিষ্ঠ সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি-এর প্রতিবেদনে বলা হয়েছে, এই সিদ্ধান্ত ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে নেওয়া হয়েছে। একই দিনে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে আরাঘচি জানান, আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আপাতত এটি যুদ্ধবিরতির সময়সীমার মধ্যেই এটি কার্যকর থাকবে।
বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হয়। সাম্প্রতিক সংঘাতের কারণে এই পথ আংশিকভাবে ব্যাহত হওয়ায় বৈশ্বিক বাজারে চাপ তৈরি হয়েছিল। ফলে ইরানের এই ঘোষণা আন্তর্জাতিক বাজারে স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি টিকিয়ে রাখা এবং অর্থনৈতিক চাপ কমানোর কৌশল হিসেবেই তেহরান এই সিদ্ধান্ত নিয়েছে। তবে পরিস্থিতি এখনও নাজুক থাকায় স্থায়ী সমাধানের জন্য কূটনৈতিক অগ্রগতি জরুরি।
