দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
বাংলাদেশ ও বেলারুশের মধ্যে আইনশৃঙ্খলা, প্রতিরক্ষা, কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে ঢাকায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূত মিখাইল কাসকো।
বৈঠকে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা, প্রতিরক্ষা খাত, কৃষি যান্ত্রিকীকরণ, সার আমদানি এবং বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত জানান, বেলারুশ সামরিক সরঞ্জাম উৎপাদনে বিশ্বে অগ্রগণ্য এবং বাংলাদেশ চাইলে ড্রোনসহ আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করতে পারে। এ বিষয়ে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এছাড়া সার আমদানির নতুন উৎস হিসেবে বেলারুশকে বিবেচনার কথাও উঠে আসে। মন্ত্রী বলেন, পটাশ সার উৎপাদনে বেলারুশ অন্যতম শীর্ষ দেশ হওয়ায় এটি বাংলাদেশের জন্য সম্ভাবনাময় অংশীদার হতে পারে।
কৃষি খাতেও সহযোগিতার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত। কৃষিপ্রধান দেশ হিসেবে বাংলাদেশ বেলারুশের আধুনিক কৃষি যান্ত্রিকীকরণ থেকে উপকৃত হতে পারে বলে মত দেন সংশ্লিষ্টরা।
বৈঠকে ফৌজদারি মামলার একটি বিষয় নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত সহায়তার আশ্বাস দেয় বাংলাদেশ। পাশাপাশি রাষ্ট্রদূত মন্ত্রীকে বেলারুশ সফরের আমন্ত্রণ জানান।
বিশ্লেষকদের মতে, পূর্ব ইউরোপের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক সম্প্রসারণের অংশ হিসেবেই এই বৈঠক গুরুত্বপূর্ণ।
