দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ভারতের কেরালা রাজ্যের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ইতিহাস গড়েছেন মুসলিম তরুণী আইনজীবী ফাতিমা তাহিলিয়া। ভারতীয় ইউনিয়ন মুসলিম লীগের (আইইউএমএল) প্রথম নারী হিসেবে রাজ্য আইনসভায় নির্বাচিত হয়ে তিনি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।
৩৪ বছর বয়সী তাহিলিয়া বামপন্থীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত পেরাম্ব্রা আসনে জয় পান। তিনি টি.পি. রামকৃষ্ণন-কে প্রায় ৫ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন। মোট ৮১ হাজারের বেশি ভোট পেয়ে তার এই জয়কে বিশ্লেষকরা এলডিএফ জোটের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন, কারণ ২০২১ সালে একই আসনে রামকৃষ্ণন বিশাল ব্যবধানে জয়ী হয়েছিলেন।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তাহিলিয়ার এই বিজয় মালাবার অঞ্চলে ভোটারদের মনোভাবের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে এটি মুসলিম তরুণীদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে এবং আইইউএমএলের ভবিষ্যৎ রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়াতে ভূমিকা রাখতে পারে।
ছাত্ররাজনীতি থেকে উঠে আসা তাহিলিয়া মুসলিম স্টুডেন্টস ফেডারেশন-এর সঙ্গে যুক্ত ছিলেন এবং এর নারী শাখা ‘হারিতা’র প্রতিষ্ঠাতা রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১২ সাল থেকে তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত।
ত্রিশূরের সরকারি আইন কলেজ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে বর্তমানে কোঝিকোড জেলা আদালতে আইন পেশায় নিয়োজিত আছেন তিনি। এর আগে ২০২০ সালে কোঝিকোড সিটি করপোরেশনের কাউন্সিলর নির্বাচিত হন।
নির্বাচনী প্রচারণায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তরুণ ও প্রবীণ ভোটারদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন তাহিলিয়া। তার পক্ষে প্রচারণায় অংশ নেন রাহুল গান্ধী-ও।
সামাজিকভাবে তিনি বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর অধিকার এবং মুসলিম নারীদের শিক্ষার পক্ষে সক্রিয় ভূমিকা রেখেছেন। তার এই জয় শুধু একটি আসনের বিজয় নয়, বরং কেরালার রাজনীতিতে নারী নেতৃত্বের নতুন অধ্যায়ের সূচনা বলেই মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: দ্য উইক
